যশোর থেকে শুরু হচ্ছে ৮ বিভাগের ডিজিটাল বাণিজ্য মেলা
আগামী ৭ মার্চ যশোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো ডিজিটাল বাণিজ্য মেলা ই-কমার্সের ডাক। যশোরের শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই মেলা। বাংলা নববর্ষ ও ঈদ উপলক্ষ্যে মেলায় থাকবে নানা অফার ও বিশেষ র্যাফেল ড্র তে মোটরসাইকেল সহ বিভিন্ন উপহার।
মেলার আয়োজক ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) বাংলাদেশ ডাক বিভাগ ও তথ্য আপা (২য় প্রকল্প)।
মেলায় অংশ নিচ্ছে দেশের শতাধিক ই-কমার্স ও ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়- বাংলাদেশ ডাক বিভাগ, আইসিটি বিভাগ এর হাইটেক পার্ক অথোরিটি, জাতীয় মহিলা সংস্থা- তথ্য আপা প্রকল্প ও স্থানীয় সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থা।
মেলায় প্লাটিনাম স্পন্সর অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান দারাজ। এছাড়া গোল্ড স্পন্সর ইভ্যালি ও চালডাল।মেলায় পার্টনার হিসেবে থাকছে এসএসএল কমার্জ, ই-পোস্ট, সুন্দরবন কুরিয়ার, ফ্লাইট এক্সপার্ট, প্রিয়শপ ও কম্পিউটার জগৎ।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন প্রতিষ্ঠানসমূহের মধ্যে মেলায় অংশ নেবে, দারাজ, ইভ্যালী, চালডাল, এস এস এল কমার্জ, প্রিয়শপ, ফ্লাইট এক্সপার্ট, সুন্দরবন কুরিয়ার, রকমারি, আজকের ডিল, সেবা এক্সওয়াইজেড, কক্সবাজার শপ, ক্লিক্সকো, বইঘর, এসটিআইটিবিডি, শপআপ, সূর্যমূখী, ফেমাস ফুড, এরিয়া ৭১, আমার শপ, ইনভেন্টক্রাফ্ট, কাবুলিয়ালা, পিকাবো, এয়ার পোস্ট, ক্রাফট ভিশনসহ দেশ সেরা এবং বহু স্থানীয় অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান।
মেলায় থাকবে তিনটি সেশনে ভিন্ন ভিন্ন বিষয়ের উপর সেমিনার।
এরমধ্যে গ্রামীণ ই-কমার্স উন্নয়নে ই-কমার্সের ভূমিকা, নারীদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে ই-কমার্সের ভূমিকা, এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে অনলাইন বাণিজ্যের ভূমিকা।মেলায় জাতীয় ও স্থানীয় অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশ নিবে।